আশা করা হচ্ছে কলকাতা, হাওড়া সহ বিভিন্ন জায়গায় ২০২১ সালে পুর নির্বাচন হবে, বললেন ফিরহাদ হাকিম - The News Lion

আশা করা হচ্ছে কলকাতা, হাওড়া সহ বিভিন্ন জায়গায় ২০২১ সালে পুর নির্বাচন হবে, বললেন ফিরহাদ হাকিম




দি নিউজ লায়ন ; পুরসভা নির্বাচন করার জন্যে আমরা প্রস্তুত। কিন্তু করোনা অতিমারীর কারণে নির্বাচন করা যায়নি। আশা করা হচ্ছে কলকাতা, হাওড়া সহ যেসব জায়গায় নির্বাচন রয়েছে সেগুলো ২০২১এ করা হবে।" মঙ্গলবার হাওড়ায় পদ্মপুকুরে পরিশ্রুত পানীয় জলপ্রকল্পের সূচনা অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি এই প্রসঙ্গে আরও বলেন, "আমরা তো হাওড়ায় পুর নির্বাচন করতে চাইছি। কিন্তু অতিমারীর জন্য কিভাবে করব ? 


নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত। গত ২০১৬ এবং ২০১৯ এ হাওড়ায় আমাদের ভোটের ফলাফল আপনারা দেখেননি ? সেখানে আমাদের কিসের ভয় ? কিন্তু অতিমারীর জন্য কলকাতায়, হাওড়ায় এবং অন্যান্য জায়গায় নির্বাচন করাতে পারছি না। ২০২১এ আশা করছি এইসব নির্বাচনগুলো করা যাবে।


এদিন পুরমন্ত্রী বলেন, "১০২ এমএলডি জল আমরা হাওড়া শহরকে দিচ্ছি। কয়েকটি বুস্টিং পাম্পিং স্টেশন রয়েছে। আরেকটির কাজ চলছে। জল সরবরাহ ঠিক হয়ে গেলে হাওড়ায় আর জলের সমস্যা থাকবে না। ড্রেনেজ সমস্যার সমাধানের জন্যে একটা মাস্টার প্ল্যান চলছে। ১৫ কোটি টাকা ব্যয়ে পথশ্রী প্রকল্পে রাস্তার উন্নয়ন হবে। হাওড়ার প্রতি গলিতে এলইডি লাইট বসবে। হাওড়ার মানুষের জন্য এটা মমতার একটা সম্মান।


 উল্লেখ্য, এদিন হাওড়ায় কেএমডিএ কর্তৃক নির্মিত হাওড়া পুরসভার পরিশ্রুত পানীয় জল প্রকল্পের শুভ উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও ১৫টি পথশ্রী প্রকল্পের অন্তর্গত রাস্তার শিলান্যাস করেন তিনি। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, বিধায়ক জটু লাহিড়ী, ব্রজমোহন মজুমদার, কেএমডিএ এর কার্যনির্বাহী আধিকারিক অন্তরা আচার্য প্রমুখ।


 জানা গেছে, জল উত্তোলনের জন্য নাজিরগঞ্জে গঙ্গার তীরে দু'কোটি গ্যালন ক্ষমতাসম্পন্ন জেটি ও পাম্প হাউস নির্মাণ করা হয়েছে। হাওড়া পদ্মপুকুর জল প্রকল্পের জমিতে দুইটি দৈনিক এক কোটি গ্যালন ক্ষমতাসম্পন্ন জল পরিশোধনাগার নির্মাণ করা হয়েছে। পরিস্রুত পানীয় জল সরবরাহের জন্য বিভিন্ন ব্যাসের পাইপলাইন স্থাপন করা হয়েছে। 


এদিনের এই প্রকল্পের মাধ্যমে হাওড়া পৌরনিগমের প্রায় ১০ লক্ষ মানুষ উপকৃত হবেন। প্রকল্পটিতে খরচ পড়েছে ২২৭কোটি টাকা। এছাড়া পথশ্রী অভিযান প্রকল্পে হাওড়া পৌরনিগমের ১৫টি রাস্তার উন্নয়ন করা হবে যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি টাকা। হাওড়ার পুরাতন তিন কোটি গ্যালন ক্ষমতাসম্পন্ন জল পরিশোধনাগারের পুনর্নবীকরণ এর জন্য ৮কোটি টাকা খরচ করা হবে। এই সমগ্র প্রকল্প রূপায়নের দায়িত্বে রয়েছেন কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.